বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মো. শাহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও বিভাগের শ্রেষ্ঠ ভারোত্তোলকরা অংশ নেবেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরুষদের ১০টি এবং নারীদের ৭টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পুরুষদের ওজন শ্রেণি ৫৫ কেজি থেকে ১০৯ কেজির ওপরে এবং নারীদের ক্ষেত্রে ৪৫ কেজি থেকে ৮৭ কেজির ওপরে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে সর্বাধিক ৮ জন পুরুষ ও ৮ জন নারী খেলোয়াড় অংশ নিতে পারবেন।
প্রতিটি ওজন শ্রেণিতে মোট উত্তোলনের ওপর ভিত্তি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।
এছাড়া সেরা খেলোয়াড়, প্রশিক্ষক ও কোচদেরও বিশেষ পুরস্কার দেওয়া হবে। দলীয় চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফিও থাকবে এই প্রতিযোগিতায়।
নিবন্ধন ১ নভেম্বর পর্যন্ত
খেলোয়াড়দের প্রাথমিক নিবন্ধনের (রেজিস্ট্রেশন) শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর ২০২৫।
নিবন্ধন করতে হবে ই-মেইল (bwf.dhaka@gmail.com) এর মাধ্যমে। এর পর ৫ নভেম্বর বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে হবে ফাইনাল যাচাই-বাছাই (Verification)।
যাচাইয়ের ফলাফল বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মো. শাহিদুল ইসলাম চৌধুরী বলেন,
“আমরা দেশের সেরা ভারোত্তোলকদের নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজন করতে চাই। এই প্রতিযোগিতা থেকেই আগামী এশিয়ান গেমস ও আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য যোগ্য খেলোয়াড় বাছাই করা হবে।”
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি এয়ার কমডোর (অব.) মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজক কমিটির তত্ত্বাবধানে পুরো ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফেডারেশন।