আসন্ন ১৪তম সাউথ এশিয়ান গেমস (জানুয়ারি ২০২৬, পাকিস্তান) এবং সিএভিএ মেনস নেশনস কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ (২২–২৮ অক্টোবর, ঢাকা)-এ অংশগ্রহণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল।
রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে চলছে দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে খেলোয়াড়রা প্রতিদিন দুই বেলা অনুশীলন করছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি’র তত্ত্বাবধানে।
দলীয় অনুশীলনের পাশাপাশি কোচিং টিম জোর দিচ্ছেন খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, কৌশলগত বোঝাপড়া ও আন্তর্জাতিক মানে পারফরম্যান্স উন্নয়নের ওপর।
জাতীয় দলের অধিনায়ক হরষিত কুমার বিশ্বাস বলেন,
“আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। দেশের জন্য কিছু ভালো উপহার দিতে চাই।”
সহকারী কোচ ইমদাদুল হক মিলন আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আল্লাহ সহায় হলে এবং ছেলেরা সেরাটা দিতে পারলে আমরা নেশনস কাপে চ্যাম্পিয়ন হতে পারব।”
জাপানি হেড কোচ রায়ান মাসাজেদি জানান,
“ছেলেরা দারুণ করছে। তাদের মনোযোগ ও পেশাদারিত্বে আমি সন্তুষ্ট। আমাদের লক্ষ্য একটাই — চ্যাম্পিয়ন হওয়া।”
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের নেশনস কাপ ঘরের মাঠে হওয়ায় দলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। তাদের বিশ্বাস, এই প্রস্তুতি থেকেই গড়ে উঠবে আগামী বছরের সাউথ এশিয়ান গেমসে সাফল্যের ভিত্তি।