বাংলাদেশের শীর্ষ ব্যাডমিন্টন তারকা খন্দকার আব্দুস সোয়াদ আজ (রবিবার) রাত ২টা ৩০ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি অংশ নেবেন “Allianz Malaysia Super 100, 2025” আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।
সোয়াদ বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে ৩২৬তম অবস্থানে রয়েছেন। তিনি বাংলাদেশের ব্যাডমিন্টনে একাধিকবার জাতীয় ও র্যাংকিং চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছেন, এবং সাম্প্রতিক বছরগুলোতে মেন’স সিঙ্গেলস বিভাগে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
৪০ জন নির্ধারিত খেলোয়াড়ের সাথে আরো ৮ জন খেলোয়াড় বাছাইপর্ব থেকে মূলপর্বে খেলার সুযোগ পাবেন।
বাছাইপর্বের প্রথম খেলায় বাংলাদেশের আব্দুস সোয়াদ খেলবেন থাইল্যান্ডের কোরাক্রিত লাওত্রাকুলের সঙ্গে। কোরাক্রিত এখন বিশ্ব র্যাংকিংয়ে ২৬৪ তম অবস্থানে আছেন। তাকে পরাজিত করতে পারলেই সোয়াদের মূলপর্বে খেলার সুযোগ হবে।
দেশ ছাড়ার আগে সোয়াদ বলেন,
“আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করাই আমার লক্ষ্য। আশা করি এই প্রতিযোগিতায়ও ভালো কিছু করতে পারব।”
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন তার সফলতা কামনা করেছে এবং আশা প্রকাশ করেছে যে সোয়াদ দেশের জন্য গৌরব বয়ে আনবেন।