বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৫। দেশের বিভিন্ন ক্লাবের সেরা ভারোত্তোলকদের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হবে বিকেএসপি’র জিমনেসিয়াম কমপ্লেক্সে।
ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষদের ৬০ কেজি থেকে ১১০+ কেজি এবং নারীদের ৪৮ কেজি থেকে ৮৭+ কেজি পর্যন্ত মোট ১৪টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা হবে। প্রতিটি ক্লাব থেকে সর্বাধিক ৮ জন পুরুষ ও ৮ জন নারী ভারোত্তোলক অংশ নিতে পারবেন। ক্লাবগুলো একজন প্রশিক্ষক বা অফিসিয়ালকেও সঙ্গে রাখতে পারবে।
প্রতিটি শ্রেণিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নারী ও শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা ট্রফি, মেডেল ও সনদপত্র পাবেন।
খেলোয়াড় নিবন্ধনের শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫, আর অনুমোদিত তালিকা প্রকাশ করা হবে ২০ নভেম্বর বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. শহিদুল ইসলাম চৌধুরী (অব.) বলেন,
“দেশের বিভিন্ন প্রান্তের ভারোত্তোলকদের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখান থেকেই নতুন প্রতিভা উঠে আসবে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”